ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন! গ্রেপ্তার প্রৌঢ় ‘দাদু’

বার্তা ডেস্কঃ

ফুচকা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে যৌন নির্যাতনের (ব্যাড টাচ) অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। ঘটনায় অভিযুক্ত প্রৌঢ়কে ইতিপূর্বে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রৌঢ়কে ‘দাদু’ বলে সম্বোধন করত ওই নাবালিকা। ১০ থেকে ২০ টাকার লোভ দেখিয়ে সে নাবালিকাকে নিজের ঘরে ডেকে নিত এবং বদলে তাকে অশালীনভাবে স্পর্শ করত। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ও দেখাত অভিযুক্ত। সম্প্রতি এক প্রতিবেশী মহিলা ওই নাবালিকাকে অভিযুক্তের ঘর থেকে ২০ টাকা হাতে বের হতে দেখে সন্দেহ প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদ করতেই কান্নায় ভেঙে পড়ে পুরো বিষয়টি খোলসা করে নির্যাতিতা।

ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ওই ব্যক্তির বিরুদ্ধে আগেও এমন ধরনের অভিযোগ উঠেছিল। এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হলে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পরবর্তীতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *