তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টে মহুয়া মৈত্র, উত্তপ্ত কৃষ্ণনগর!
বার্তা ডেস্কঃ
নিজের সংসদীয় এলাকা কৃষ্ণনগরে পা রাখতেই একের পর এক বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কালীগঞ্জের ঘটনার পর এবার চাপড়ায় তাঁর সফরকে কেন্দ্র করে রাজনীতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার সেখানে একটি দলীয় কর্মিসভায় যোগ দিতে গেলে স্থানীয় স্তরে তীব্র প্রতিবাদের মুখে পড়েন তিনি। অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কালো পতাকাও প্রদর্শন করা হয়।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মহুয়া মৈত্র। তিনি সরাসরি চাপড়ার তৃণমূল বিধায়ক জেবের শেখ এবং স্থানীয় বিজেপি কর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। সাংসদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে বাধা দেওয়া হচ্ছে, যার ফলে এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চাপড়ার বিধায়ক জেবের শেখ। তাঁর পাল্টা দাবি, বিক্ষোভকারীরা কোনো নির্দিষ্ট দলের কর্মী নন, বরং এলাকার সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ থেকেই এই প্রতিবাদ জানিয়েছেন।
ক্রমাগত ঘেরাও ও দলীয় কোন্দলের জেরে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছেন মহুয়া মৈত্র। আদালতের পরবর্তী পদক্ষেপ এই সংঘাতের রাজনীতিতে কী মোড় আনে, সেদিকেই এখন নজর সবার।