দিল্লির পর এবার বিহার! চলন্ত গাড়িতে নাবালিকা গণধর্ষণ, গ্রেফতার ২

বার্তা ডেস্কঃ

রাজধানী দিল্লির চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণের রেশ কাটতে না কাটতেই এবার বিহারের ঔরঙ্গাবাদে ঘটল একই ধরনের পৈশাচিক ঘটনা। পরিচিত যুবকের ফাঁদে পড়ে চলন্ত গাড়ির ভেতরে গণধর্ষণের শিকার হলো ১৫ বছরের এক নাবালিকা। এই নৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ১৫ বছরের ওই কিশোরীকে ফোনে ডেকে পাঠায় অভিযুক্তরা। তাদের মধ্যে এক যুবকের সঙ্গে আগেই পরিচয় ছিল মেয়েটির। নাবালিকা বাড়ি থেকে বের হতেই কুটুম্বা থানা এলাকার কাছে একটি গাড়ি এসে থামে। অভিযোগ, তাকে জোর করে গাড়িতে তুলে নেয় তিন যুবক এবং চলন্ত অবস্থাতেই অত্যাচার চালায়। এরপর টানা প্রায় ছয় ঘণ্টা তাকে একটি নির্জন স্থানে আটকে রেখে নির্যাতন চালানো হয়। অবশেষে রাতের দিকে গ্রামের রাস্তায় তাকে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা।

ঘটনার পর কোনোমতে বাড়ি ফিরে পরিজনদের সব কথা খুলে বলে ওই কিশোরী। প্রথমে মালি থানায় অভিযোগ জানাতে গেলে এলাকার সীমানা সংক্রান্ত কারণে তাদের কুটুম্বা থানায় পাঠানো হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দু’জন অভিযুক্তকে পাকড়াও করেছে। ঔরঙ্গাবাদের এসডিপিও আদিত্য কুমার জানান, নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চলছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *