মধ্যমগ্রামের নামী রেস্তোরাঁয় পচা মাংসের হদিশ, খাবার আগে এই ভিডিওটি একবার দেখুন!
বার্তা ডেস্কঃ
মধ্যমগ্রামের স্টার মলের একটি নামী রেস্তোরাঁয় খাদ্য দফতরের আচমকা অভিযানে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। রেস্তোরাঁর ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে ফাঙ্গাস পড়া বাসি মাংস এবং ক্ষতিকর রঙ মেশানো আলু। ফুড সেফটি আধিকারিকরা দেখতে পান, দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা পচা ও বাসি মাংস দিয়েই তৈরি করা হচ্ছিল সাধারণ মানুষের খাবার। স্বাস্থ্যবিধি ও ফুড সেফটি গাইডলাইনের তোয়াক্কা না করে এমন বিষাক্ত খাবার পরিবেশন করায় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে খাদ্য দফতরের আধিকারিকরা তৎক্ষণাৎ ওই রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করেন।
অভিযানের সময় রেস্তোরাঁ কর্তৃপক্ষ দাবি করে যে মাংস দুই দিনের বেশি পুরনো নয় এবং সেগুলি কাঁচা অবস্থায় রাখা ছিল। তবে আধিকারিকদের কঠোর অবস্থানের মুখে পড়ে শেষ পর্যন্ত ওই সমস্ত পচা মাংস ফেলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফুড সেফটি দফতরের কর্তা প্রসেনজিৎ বটব্যালের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপস করা হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। শহরের সমস্ত রেস্তোরাঁকে খাবার তৈরির ক্ষেত্রে টাটকা সামগ্রী ব্যবহার করার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।