পিত্তথলি ভেবে অ্যাপেনডিক্স কাটার অভিযোগ! এনআরএসের কাণ্ডে পাশে শুভেন্দু

বার্তা ডেস্কঃ

কলকাতার এনআরএস হাসপাতালে পিত্তথলির (গলব্লাডার) পাথরের চিকিৎসার বদলে ভুলবশত অ্যাপেনডিক্স বাদ দেওয়ার এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। ভুক্তভোগী রোগী বেলেঘাটার বাসিন্দা গোপাল পোড়েল—যিনি পেশায় একজন ১০০ দিনের কাজের কর্মী। হাসপাতালে ইউএসজি রিপোর্ট অনুযায়ী গলব্লাডারে পাথর থাকার কথা বলা হলেও অস্ত্রোপচার করা হয় অ্যাপেনডিক্সের। ছুটি পাওয়ার পর পুনরায় তীব্র পেটে যন্ত্রণা শুরু হলে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়, যার ফলে প্রায় দুই লাখ টাকা খরচ হয়ে যায়। পরবর্তীতে সল্টলেকের একটি হাসপাতালে ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের মাধ্যমে তাঁর সফল চিকিৎসা সম্পন্ন হয়।

এই আর্থিক ও শারীরিক সংকটের কথা জানতে পেরে স্থানীয় বিধায়ক কুণাল ঘোষ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে সহায়তার আর্জি জানান। চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং ওই রোগীর আর্থিক সাহায্যের অনুমোদন দেওয়া হয়। গোপাল পোড়েল এই সহায়তার জন্য কুণাল ঘোষ ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উভয়ের প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অন্যদিকে, এনআরএস-এর এই চিকিৎসা বিভ্রাটের অভিযোগ তদন্তের পর ‘অসত্য’ বলে দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তবে সরকারের নজরদারি বজায় রেখে বিষয়টি সামনে আনার জন্য তিনি কুণাল ঘোষকে সাধুবাদ জানিয়েছেন। কুণাল ঘোষও স্বাস্থ্যমন্ত্রীর এই দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। সমস্ত মানসিক ও আর্থিক টানা পোড়েনের মধ্যে মেসিভক্ত গোপাল বাবু এখন সুস্থ হয়ে ওঠার পাশাপাশি মেসির অবসর ও ফুটবল ম্যাচ মিস করার দুঃখ ভোলার চেষ্টা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *