৫ ঘণ্টার জেরা শেষে বিস্ফোরক অভিষেক, সাইনবোর্ডের জন্য ১০০০ পুলিশ!

বার্তা ডেস্কঃ

ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড বিতর্ক নিয়ে টানা সাড়ে পাঁচ ঘণ্টার দীর্ঘ জেরা শেষে শেক্সপিয়র সরণি থানা থেকে বেরিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিটে থানায় হাজিরা দেওয়ার পর সন্ধ্যায় বেরিয়ে তিনি সরাসরি নিশানায় নেন বিজেপি ও রাজ্য প্রশাসনকে। অভিষেকের দাবি, একটি সামান্য সাইন বোর্ড সরানোর অজুহাতে ১০০০ পুলিশ কর্মী পাঠানো আসলে গণতন্ত্রের কণ্ঠরোধ করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

মহিলা পুলিশকর্মীদের হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ পুরোপুরি নাকচ করে তিনি জানান, তাঁদের ১৩ জন কর্মীকে কোনো নোটিশ ছাড়াই বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নিউমার্কেটের অগ্নিকাণ্ড বা আলিপুরের ঘটনার সময় প্রশাসন যদি এই একই গতিতে পদক্ষেপ করত, তবে সাধারণ মানুষকে এত ভুগতে হতো না।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপিকে তীব্র আক্রমণ করে তৃণমূলের এই হেভিওয়েট নেতা স্পষ্ট জানিয়ে দেন, মিথ্যা মামলা দিয়ে তৃণমূলের কর্মীদের ভয় দেখিয়ে বা জেলে পুরে দল ভাঙার চক্রান্ত সফল হবে না। কথা প্রসঙ্গে সারদা-কাণ্ডের উল্লেখ করেও বিরোধীদের বিঁধতে ছাড়েননি তিনি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে একটি অনুমোদনহীন বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে পুলিশ ও তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র খণ্ডযুদ্ধ হয়। সেই ঘটনার পর অভিষেকের এই কড়া অবস্থান আইনি লড়াইকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *