পাণ্ডবেশ্বরে কোটি টাকার বিনিয়োগের জোয়ার, শিল্পায়নে বড় পদক্ষেপ রাজ্যের!

বার্তা ডেস্কঃ

রাজ্যের পরিবর্তিত শিল্পবান্ধব পরিবেশকে কাজে লাগিয়ে এবার পাণ্ডবেশ্বরে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পের হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পপতিদের বিনিয়োগে উৎসাহিত করতে আগামী ২৭ সেপ্টেম্বর পাণ্ডবেশ্বরে একটি বিশেষ শিল্প কনক্লেভের আয়োজন করা হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত এক প্রস্তুতি বৈঠকে বণিকসভা, উখড়া চেম্বার অব কমার্স এবং দুর্গাপুর ও পাণ্ডবেশ্বরের শিল্পোদ্যোগীরা অংশ নেন। বৈঠকে শিল্প স্থাপনের সম্ভাবনা, পরিকাঠামো এবং সরকারি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উখড়া চেম্বার অব কমার্সের সভাপতি মনোজ শরাফ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলেও সরকারি অনুমোদন প্রক্রিয়া আরও দ্রুত করার ওপর জোর দিয়েছেন।

বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছেন, আগের তুলনায় পাণ্ডবেশ্বরে শিল্পের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং এই অঞ্চলের সার্বিক চিত্র বদলে গেছে। নতুন করে শিল্পোদ্যোগীরা এখানে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। উদ্যোক্তা পার্থ ঘোষ জানান, বহু বিনিয়োগকারী ইতিমধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়তে এগিয়ে এসেছেন। এই ধারাবাহিকতা বজায় রেখে পাণ্ডবেশ্বরকে একটি পূর্ণাঙ্গ শিল্প হাব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আসন্ন কনক্লেভের মাধ্যমে আরও বেশি বিনিয়োগ টেনে আনাই এখন মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *