ট্যাঙ্কে মরা পাখি, সেই জলেই মিড ডে মিল! শিউরে উঠলেন অভিভাবকরা
বার্তা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং সার্কেলের গলাডহরা কুসুমমনি এফপি স্কুলের জলের ট্যাঙ্কে একটি মরা পাখি ভাসতে দেখা যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে এই ট্যাঙ্কের জল থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল, যা দিয়ে রান্না হচ্ছিল শিশুদের মিড ডে মিল। ছাদ খোলা অবস্থায় অনিরাপদ থাকা এই জল পান করা এবং রান্নায় ব্যবহার করার বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা ও অভিভাবকরা। আতঙ্কে স্কুল পড়ুয়াদের মিড ডে মিল খাওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রধান শিক্ষক গোবিন্দ মণ্ডল দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় স্কুল পরিচালনায় অনিয়মের অভিযোগ রয়েছে। ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলের ট্যাঙ্কে পাখি পচে জল বিষাক্ত হয়ে গেলেও স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন ছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। শিশুদের স্বাস্থ্য নিয়ে এমন চরম গাফিলতির ঘটনায় উপযুক্ত তদন্ত ও কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন এলাকাবাসী।