‘ককরোচ’ আন্দোলনের জেরে কি পিছু হটলেন মোদি, জেন জির মুখোমুখি প্রধানমন্ত্রী!
বার্তা ডেস্কঃ
দেশের তরুণ প্রজন্মের আলোচিত ‘ককরোচ’ আন্দোলনের পর এই প্রথমবার কলেজ ক্যাম্পাসে সরাসরি জেন জির মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে কেবল ভাষণ দেওয়াই নয়, বরং পড়ুয়াদের বিভিন্ন প্রশ্ন ও মতামত সরাসরি শুনবেন প্রধানমন্ত্রী। নিটের প্রশ্নফাঁস এবং তরুণদের শান্তিপূর্ণ প্রতিবাদের পর থেকেই যুবসমাজকে কাছে টানতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার।
সাম্প্রতিক সেই আন্দোলনের জেরে সরকারের নীতি ও ভাবমূর্তিতে তরুণ প্রজন্মের প্রভাব স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত হয়ে বেকারত্ব দূরীকরণ ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ পড়ুয়াদের সামনে তুলে ধরবেন তিনি। একইসঙ্গে জেন জির সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে সরকারের সঙ্গে তরুণ প্রজন্মের দূরত্ব কমানোই এই বিশেষ সফরের মূল লক্ষ্য।