বাবা-মায়ের ফ্যামিলি পেনশন পেতে কী কী শর্ত জরুরি? বড় রায় কলকাতা হাইকোর্টের!
বার্তা ডেস্কঃ
অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যুর পর তাঁর পরিবার ফ্যামিলি পেনশন পাওয়ার অধিকারী হলেও, সেই সুবিধা পাওয়ার নির্দিষ্ট কিছু আইনি মাপকাঠি রয়েছে। সম্প্রতি এক বিবাহবিচ্ছিন্না মহিলার করা ফ্যামিলি পেনশনের দাবি খারিজ করে দিয়ে এই সংক্রান্ত নিয়ম আরও স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী অবিবাহিত, বিধবা বা ডিভোর্সি কন্যারা পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য হলেও, তার জন্য সুনির্দিষ্ট শর্ত মানতে হবে। মূল শর্ত অনুযায়ী, সন্তানকে অবশ্যই বাবা কিংবা মায়ের মৃত্যুর ঠিক সেই মুহূর্তেই অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা হতে হবে। বাবা বা মায়ের মৃত্যুর বহু পরে আইনি বিচ্ছেদ হলে বা স্বামীর মৃত্যু ঘটলে সেই কন্যা ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য বলে গণ্য হবেন না।
উক্ত মামলায় আবেদনকারী মহিলা দাবি করেছিলেন, ২০০১ সাল থেকে স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকায় তিনি বাবার কাছেই থাকতেন এবং বাবার মৃত্যুর পর ২০১৮ সাল থেকে যেন তাঁকে পেনশন দেওয়া হয়। কিন্তু আদালতের নজরে আসে, ওই মহিলা ২০২১ সালে আইনি বিচ্ছেদের আবেদন করেছিলেন, যা প্রমাণ করে যে ২০১৮ সালে বাবার মৃত্যুর সময় তিনি আইনগতভাবে বিবাহিত ছিলেন। আদালতের পর্যবেক্ষণ, বাবা-মায়ের মৃত্যুর তারিখটিই এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি, যার ওপর ভিত্তি করে প্রাপ্যতা নির্ধারিত হয়। এছাড়া ফ্যামিলি পেনশন পাওয়ার দ্বিতীয় শর্ত হলো, সংশ্লিষ্ট কন্যাকে আর্থিকভাবে সম্পূর্ণভাবে বাবা-মায়ের ওপর নির্ভরশীল হতে হবে। আবেদনকারী আইনি শর্ত পূরণ করতে না পারায় তাঁর আবেদন খারিজ করে দিয়েছে আদালত।