৫৪ বছর পর ফিরছে ‘পাকিজা’, আন্তর্জাতিক মঞ্চে কী চমক!

বার্তা ডেস্কঃ

তৈরি হতে সময় লেগেছিল দীর্ঘ ১৫ বছর, আর মুক্তির পর পার হয়ে গেছে ৫৪টি বছর। এবার ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক পুনরুদ্ধারের কাজ সম্পন্ন হওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে ভারতীয় সিনেমার অন্যতম মাইলফলক ছবি ‘পাকিজা’। আগামী অক্টোবরে ফ্রান্সের লিয়ঁ-তে অনুষ্ঠিত ফেস্টিভ্যাল লুমিয়ের-এ ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এরপর ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালেও এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।

কমল আমরোহি পরিচালিত এবং মীনা কুমারী অভিনীত এই কালজয়ী ছবিটি ১৯৫৬ সালে শুরু হয়ে ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। নানা প্রযুক্তিগত সমস্যা, বাজেট সংকট এবং ব্যক্তিগত টানাপোড়েনের মধ্য দিয়ে তৈরি হওয়া ছবিটি মুক্তির পরেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মূল ক্যামেরা নেগেটিভ ও অন্যান্য সংরক্ষিত উপাদানের সাহায্যে দীর্ঘ দু’বছরের পরিশ্রমে ১৫৩ মিনিটের এই মাস্টারপিসটিকে পুনরুদ্ধার করা হয়েছে, যা এবার নতুন প্রজন্মের আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরবে ভারতীয় সিনেমার এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *