টানা বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, চরম দুর্ভোগে যাত্রী!

বার্তা ডেস্কঃ

মুর্শিদাবাদ: টানা ভারী বৃষ্টির জেরে চরম বিপত্তির মুখে পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশন। বৃহস্পতিবার ভোররাতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে ফরাক্কা ব্যারেজে প্রবেশের ঠিক আগে আপ রেললাইনে মাটি বসে ধস নামায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল। এর ফলে তীব্র ভোগান্তির শিকার হয়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী। বেশ কয়েক দিন ধরে চলা অবিরাম বৃষ্টির কারণে রেললাইনের নিচের মাটি নরম হয়ে এই ধস নেমেছে বলে প্রাথমিক ধারণায় অনুমান করছেন রেলের ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞরা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ শুরু করেছেন রেলের পদস্থ আধিকারিক ও রক্ষণাবেক্ষণকারী দল।

এই ধসের কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগকারী একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন মাঝপথে আটকে পড়েছে। যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং দার্জিলিং মেলের মতো দূরপাল্লার ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। পরিস্থিতি সামাল দিতে উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেন মাঝপথেই আটকে রাখা হয়েছে এবং হাওড়া থেকে নতুন করে কোনও উত্তরবঙ্গমুখী ট্রেন ছাড়া হচ্ছে না। রেল সূত্রে জানা গিয়েছে, কেবল নিউ ফরাক্কা স্টেশন নয়, আশপাশের বহু এলাকার লাইনের ধারের নরম মাটিও খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *