খেলার মাঠ দখল করে গড়া অভিষেকের সেবাশ্রম ভাঙার নির্দেশ হাইকোর্টের!
বার্তা ডেস্কঃ
খেলার মাঠ দখল করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ‘সেবাশ্রয়’-এর নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই কড়া নির্দেশ দিয়েছে। ফলতা বিডিও অফিসের পাশের একটি খেলার মাঠ ও উদ্যান দখল করে এই অস্থায়ী নির্মাণগুলি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের সমস্যা এবং খেলাধুলা ব্যাহত হওয়ার অভিযোগে ফলতার বাসিন্দা এক আইনজীবী হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। সেই মামলার শুনানিতেই আদালত এই পদক্ষেপ করেছে।
শুনানি চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কঠোর সুরে মন্তব্য করেন, অবিলম্বে ওই অস্থায়ী নির্মাণগুলি সরিয়ে ফেলতে হবে। অন্যথায় পুলিশকে ডেকে পাঠানো বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকেই তা সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হবে কি না, সেই প্রশ্নও তোলে আদালত। উল্লেখ্য, গত বছর নিজের লোকসভা এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই সেবাশ্রয় প্রকল্প চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতাতে তৈরি হওয়া এই বড় নির্মাণ ও খেলার মাঠ দখল নিয়ে স্থানীয়দের খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠান বাধাগ্রস্ত হচ্ছিল, যার ফলস্বরূপ এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।