উত্তরাখণ্ডের যে গোপন আশ্রমে মজেছেন জুকারবার্গ থেকে বিরুষ্কা!
বার্তা ডেস্কঃ
September 4, 202610:33 am
উত্তরাখণ্ডের কুমায়ুন পাহাড়ের কোলে অবস্থিত কাইঞ্চি ধাম আজ বিশ্বজুড়ে আধ্যাত্মিক সাধক ও সেলিব্রিটিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ১৯৬৮ সালে সাধক নিম করোলি বাবা বা মহারাজ-জির উদ্যোগে প্রতিষ্ঠিত এই আশ্রমে পবনপুত্র হনুমানের উপাসনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে মূল আধ্যাত্মিক কর্মকাণ্ড। লক্ষ্মণ নারায়ণ শর্মা থেকে রামদাস বা মহারাজ-জি হয়ে ওঠার নেপথ্যে রয়েছে নানা অলৌকিক কাহিনী ও মানবসেবার মন্ত্র। সাধারণ জীবনযাপন ও সরল শিক্ষার মাধ্যমেই তিনি ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, যা আজও বিশ্বব্যাপী মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।
মার্ক জাকারবার্গ থেকে শুরু করে স্টিভ জোবস কিংবা তারকা জুটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা—জীবনের নানা সংকটময় মুহূর্তে মানসিক শান্তি ও সঠিক দিশার খোঁজে এই আশ্রমে ছুটে এসেছেন। সম্প্রতি নিম করোলি বাবার জীবনভিত্তিক হিন্দি ছবি ‘হনুমান অংশ’-এর মুক্তির পর পর্যটক ও ভক্তদের ঢল আরও বেড়েছে নৈনিতাল থেকে ১৭ কিলোমিটার দূরের এই পবীত ক্ষেত্রে। প্রকৃতির কোলে ঘেরা কাইঞ্চি ধাম তাই আজ কেবল ধর্মীয় পর্যটন নয়, বরং আত্মিক শান্তির এক অনন্য ঠিকানা।