ডিভিসির জল ছাড়ার জেরে ডুবছে গ্রাম, বাঁচার তাগিদে আতঙ্কে মানুষ!
বার্তা ডেস্কঃ
September 4, 202611:33 am
টানা বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। বীরভূমের কংকালীতলা মন্দির চত্বর জলমগ্ন হওয়ার পাশাপাশি আরামবাগ ও খানাকুলের নিচু এলাকায় হু হু করে জল ঢুকতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং নবান্ন গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, যার ফলে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও লাগাতার বর্ষণ জারি রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার এই অবনতিতে সাধারণ মানুষের পাশাপাশি দুশ্চিন্তা বাড়ছে প্রশাসনেরও।