সিকিমের হড়পা বানের আতঙ্ক, বিপর্যয় রুখতে প্রশাসন নিল কোন মাস্টারপ্ল্যান?
বার্তা ডেস্কঃ
September 4, 202610:33 am
প্রতিবেশী দেশ নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের পর নড়েচড়ে বসল সিকিম প্রশাসন। হিমবাহ হ্রদের বাঁধ ভেঙে হড়পা বানের মারাত্মক ঝুঁকি এড়াতে বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে। ‘ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’-এর চিহ্নিত করা রাজ্যের ৪০টি ঝুঁকিপূর্ণ হ্রদের মধ্যে ১৬টির ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এর মধ্যে সাতটি হ্রদকে রাখা হয়েছে সর্বোচ্চ ঝুঁকির তালিকায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদগুলোর গভীরতা, জলের পরিমাণ ও চারপাশের ভূপ্রকৃতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছেন বিশেষজ্ঞরা।
বিপদ এড়াতে তিনটি সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব দিয়েছে সিকিমের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। ‘শাকো চু’ হ্রদের জলস্তর কমাতে সৌরচালিত পাম্প ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, উত্তর-দক্ষিণ লোনাক হ্রদের অববাহিকায় পাথরের বাঁধ নির্মাণ এবং গুরুডংমার হ্রদ এলাকায় জলের প্রবাহ নিয়ন্ত্রণে দেওয়াল তৈরির ভাবনা চলছে। ২০২৩ সালের অক্টোবরের ভয়াবহ গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাডের স্মৃতি মাথায় রেখে শাকো চু ও কেরংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চালু করা হয়েছে স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ কেন্দ্র। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে ডপলার রাডার বসানোর কাজও প্রক্রিয়াধীন।