ক্যামাক স্ট্রিট অফিসে ভাঙচুর, বিজেপিকে তুলোধনা মমতার!

বার্তা ডেস্কঃ

ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসে হামলার অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন ফেসবুক লাইভে এসে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং মধ্যরাতে আইটি অফিসে গুন্ডা পাঠানোর অভিযোগ তোলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, “কালকে আমাদের আইটি অফিসে মধ্যরাতে বিজেপি গুন্ডাদের পাঠিয়েছিল। লজ্জা করে না আপনাদের? কেন আমাদের কম্পিউটার লুঠ করেছেন? কেন আমাদের অফিসিয়াল কাগজপত্র, আমাদের দলিল থেকে শুরু করে, আমাদের রেকর্ড থেকে সবকিছু তছনছ করেছেন?” তাঁর অভিযোগ, নাকের ডগায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “চিরকাল বিজেপি থাকবে না, দিল্লি গেলেই হিল্লি হয়ে যাবে।”

গ্রামাঞ্চলের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কলকাতার বুকে যদি এই অবস্থা হয়, তবে গ্রামগঞ্জের অবস্থা আরও ভয়াবহ। সেখানে প্রায় ৪ হাজার পার্টি অফিস দখল ও লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি, গেরুয়া রঙের আসাম্মান এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ নিয়েও আক্রমণ শানান মমতা। তিনি দাবি করেন, বিজেপির আমলেই একাধিক ডিজিটাল সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংবাদপত্রের ওপর আক্রমণ নেমে এসেছে, যা গণতন্ত্রের ওপর সরাসরি হামলার শামিল। উল্লেখ্য, ক্যামাক স্ট্রিটের এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *