গঙ্গার বিধ্বংসী বন্যায় ডুবল বিহারের ১৫ জেলা, কী ভয়াবহ অবস্থা গ্রাউন্ড জিরোর!

বার্তা ডেস্কঃ

বিহারজুড়ে দেখা দিয়েছে চরম বন্যা পরিস্থিতি। গঙ্গার জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভোজপুর, পটনা, সরন, বৈশালী, নালন্দা, বেগুসরাই ও লক্ষ্মীসরাইসহ মোট ১৫টি জেলা মারাত্মক প্লাবনের মুখে পড়েছে। পটনার গান্ধীঘাট ও মোকামায় নদীর জলস্তরের মাত্রা সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কায় রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি আকাশপথে বন্যাপ্রবণ এলাকা পরিদর্শন করে এনডিআরএফ ও এসডিআরএফ টিমকে সতর্ক থাকতে বলেছেন। পাশাপাশি আক্রান্ত মানুষদের জন্য পানীয় জল, চিকিৎসা সেবা ও আগাম আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এই দুর্যোগময় পরিস্থিতিতে রাজ্যের এনডিএ সরকারকে তীব্র আক্রমণের নিশানা করেছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, গঙ্গা, শোন, কোশী ও বাগমতীসহ একাধিক প্রধান নদী বিপদসীমা অতিক্রম করলেও সরকার কোনো আগাম প্রস্তুত নেয়নি। তিনি আরও দাবি করেন, বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, স্কুল ও কৃষিজমি ইতিমধ্যেই তলিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কাছে কোনো সরকারি ত্রাণ পৌঁছায়নি। প্রশাসনিক প্রস্তুতি এবং রাজনৈতিক ব্লেম-গেমের টানাপোড়েনে বর্তমানে বিহারের বন্যা পরিস্থিতি এক অত্যন্ত সংকটজনক মোড় নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *