৪৬ লাখের চাকরি ছেড়ে সেনায়! দেশপ্রেমের টানে আমাজন ইঞ্জিনিয়ার শার্দেন্দুর অনন্য নজির
বার্তা ডেস্কঃ
বিলাসবহুল জীবন এবং বছরে প্রায় ৪৬ লক্ষ টাকার মোটা বেতনের চাকরি ছেড়ে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করলেন ২৭ বছরের শার্দেন্দু তিওয়ারি। আমাজনের প্রাক্তন এই ক্লাউড ইঞ্জিনিয়ার বহুজাতিক সংস্থার সুসংহত ক্যারিয়ার ও ল্যাপটপের কোড পেছনে ফেলে যোগ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীতে। সম্প্রতি গয়ার অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির (OTA) বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে তিনি সেনা অফিসার হিসেবে কমিশন লাভ করেন।
পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে এমটেক সম্পন্ন করা শার্দেন্দুর সামনে ক্যারিয়ারের সুবর্ণ সুযোগ ছিল। আমাজনে কর্মরত থাকা অবস্থায় এয়ারবাসের মতো আন্তর্জাতিক সংস্থা থেকেও তাঁর কাছে আকর্ষনীয় প্রস্তাব এসেছিল। কিন্তু সব লোভনীয় অফার ফিরিয়ে দিয়ে তিনি বেছে নেন সেনার কঠিন ও গৌরবময় জীবন।
তবে এই যাত্রা সহজ ছিল না। সেনায় যোগ দেওয়ার স্বপ্ন পূরণে শার্দেন্দুকে টানা ৮ বার নির্বাচনী প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে। বারবার ব্যর্থ হলেও তিনি হাল ছাড়েননি; অবশেষে ‘টেকনিক্যাল এন্ট্রি স্কিম’-এর মাধ্যমে তাঁর অধ্যাবসায় জয়ী হয়। প্রশিক্ষণের সময় ওটিএ গয়ায় তিনি ‘সিনিয়র আন্ডার অফিসার’-এর গুরুত্বপূর্ণ দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করেন।
শার্দেন্দুর এই দেশপ্রেমের পেছনে রয়েছে পারিবারিক ঐতিহ্য। তাঁর বাবা অনারারি ক্যাপ্টেন রাজ কুমার তিওয়ারি দীর্ঘ ৩৬ বছর আর্মি সার্ভিস কোরে দেশসেবা করেছেন। সেনার সুশৃঙ্খল পরিবেশ ও বাবার আদর্শে বেড়ে ওঠাই শার্দেন্দুর মনে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার তীব্র জেদ তৈরি করে। খেলাধুলো ভালোবাসার পাশাপাশি সেনাজীবনের রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চারই তাঁকে এই পেশায় টেনে এনেছে।
শুধু শার্দেন্দু নন, এর আগে আইআইটি মাণ্ডির স্নাতক ক্যাপ্টেন অমর সিমহা যাদবও বিদেশের লাখ টাকার চাকরি ছেড়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এই তরুণদের এমন সিদ্ধান্ত প্রমাণ করে, আধুনিক প্রজন্মের কাছে কোটি টাকার কর্পোরেট সুবিধার চেয়ে দেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার মূল্য অনেক বেশি।