কলকাতায় দুর্গোৎসবে ৩ হাজার ড্রোনের অভাবনীয় মহাধামাকা!
বার্তা ডেস্কঃ
আসন্ন দুর্গাপুজোয় এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা কলকাতা। রাজ্য সরকারের উদ্যোগে এবং নবান্নের পরিকল্পনায় পুজোর রাতে কলকাতার আকাশে আয়োজিত হতে চলেছে এক চমকপ্রদ ও অভিনব ড্রোন শো। প্রায় ৩ হাজার আলোর ড্রোন একসাথে আকাশে উড়ে আলোকছটায় ফুটিয়ে তুলবে দুর্গাপুজোর বিভিন্ন রূপ ও ঐতিহ্যবাহী দৃশ্য। ড্রোনের নিখুঁত চলাচল, মায়াবী আলো ও সুমধুর সংগীতের এক অপরূপ সমন্বয় গড়ে তোলার প্রস্তুতি ইতিময়ধ্যেই শুরু হয়েছে। মহালয়ার পাশাপাশি পুজোর আরও দুটি বিশেষ দিনে এই মনমুগ্ধকর পরিবেশনা থাকবে, যার মধ্যে একটি অষ্টমীর রাতে ধুনুচি নাচ ও আলোকসজ্জার সমন্বয়ে উপস্থাপিত হতে পারে। এছাড়া বিশ্বের দরবারে বাংলার সংস্কৃতিকে পৌঁছে দিতে বিভিন্ন প্রবাসী বাঙালি সংগঠন এবং ভারতীয় দূতাবাসগুলোকেও সরাসরি যুক্ত করা হচ্ছে।
রাজ্যের পর্যটন দপ্তর চার ঘণ্টার এক বর্ণাঢ্য ‘গ্র্যান্ড দুর্গাপুজো কনসার্ট’-এর পরিকল্পনা করেছে, যেখানে তারকা শিল্পী ও সাংস্কৃতিক দলসমূহ অংশ নেবে। এই বিরাট উৎসবে ঢাক, ধুনুচি নাচ, ছৌ, বাউল, কীর্তন, রবীন্দ্রসংগীত থেকে শুরু করে লোকসংগীত ও নেপালি সংস্কৃতিও স্থান পাবে। পাশাপাশি তুলে ধরা হবে বাংলার থিম প্যান্ডেল, হস্তশিল্প, তাঁতশিল্প এবং ঐতিহ্যবাহী খাবারের সম্ভার। উৎসবের মাহাত্ম্য বাড়াতে রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও ঐতিহাসিক স্থাপত্যগুলো আলোয় সাজানো হলেও তা রাখা হবে কেবল স্থাপত্যভিত্তিক আলোকসজ্জার মধ্যেই। সার্বিকভাবে এবার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে এক নতুন মাত্রায় নিয়ে যেতে সবরকম প্রস্তুতি সম্পন্ন করছে রাজ্য প্রশাসন।