তিন দিনের ছুটিতে চরম দুর্ভোগ, ফরাক্কায় ধসে থমকে ট্রেন চলাচল!

বার্তা ডেস্কঃ

প্রবল বৃষ্টির কারণে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনের নীচের মাটি ধসে গিয়ে বিপর্যস্ত গোটা রাজ্যের রেল পরিষেবা। শিয়ালদহ ও হাওড়া থেকে উত্তরবঙ্গগামী বন্দে ভারত, শতাব্দীসহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে পূর্ব রেল। লম্বা ছুটির মুখে এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ট্রেন বন্ধ থাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলিতে ভিড় উপচে পড়ছে এবং বাস সংস্থাগুলির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে।

বর্তমানে ফরাক্কায় রেললাইন মেরামতের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। দুর্ঘটনাস্থলে মাটি ও পাথর ফেলে লাইন চলাচলের উপযোগী করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন রেল কর্মীরা। তবে জানা গিয়েছে, ধসে যাওয়া অংশ সম্পূর্ণ মেরামত করে পরিষেবা স্বাভাবিক করতে আরও অন্তত ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগতে পারে। দীর্ঘক্ষণ ধরে শিয়ালদহ স্টেশন শুনশান হয়ে পড়ে থাকায় অপেক্ষারত যাত্রীদের দিন কাটছে তীব্র ভোগান্তির মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *