২০২৬ সালেই মহাকাশে ইতিহাস গড়বে ভারতের গগনযান!
বার্তা ডেস্কঃ
September 5, 202611:34 am
ভারতের মহাকাশ গবেষণায় যুক্ত হতে চলেছে এক ঐতিহাসিক পালক। শ্রীহরিকোটা থেকে GSLV-F17/EOS-05-এর সফল উৎক্ষেপণের পর গগনযান মিশন নিয়ে বড় আপডেট দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। সংস্থাটির চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, চলতি বছরেই গগনযানের প্রথম মানববিহীন পরীক্ষামূলক মিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য মহাকাশে প্রযুক্তিগত নিরাপত্তা ও আধুনিক ক্রু মডিউলের কার্যকারিতা খতিয়ে দেখা। পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে যাত্রী পাঠানোর আগে কোনো রূপ ঝুঁকি না নিয়ে প্রযুক্তিগত নির্ভুলতা নিশ্চিত করতেই এই চূড়ান্ত মহড়া চালানো হচ্ছে।
মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনাই এই অভিযানের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে ক্রু মডিউলে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক বিশেষ প্যারাশুট ব্যবস্থা, যা বায়ুমণ্ডলে প্রবেশের পর গতি নিয়ন্ত্রণ করে সমুদ্রে নিরাপদ অবতরণে সাহায্য করবে। ইসরো প্রধান আরও নিশ্চিত করেছেন যে, চলতি অর্থবর্ষে গগনযান ছাড়াও NVS-03 নেভিগেশন স্যাটেলাইটসহ আরও ছয়টি গুরুত্বপূর্ণ উৎক্ষেপণ বাস্তবায়িত হবে। একই সাথে সদ্য উৎক্ষেপিত ৯ বছর মেয়াদি EOS-05 উপগ্রহটিকে একটি পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট হিসেবে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে সংস্থা।