আজ ভারী বৃষ্টির সতর্কতা! আপনার জেলায় কী হবে আবহাওয়া?
বার্তা ডেস্কঃ
দফায় দফায় বৃষ্টির পর শুক্রবার কলকাতার বৃষ্টি কিছুটা কমলেও অস্বস্তি পুরোপুরি কাটেনি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবারও কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে।
কলকাতার আবহাওয়া আজ শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তিলোত্তমার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের পূর্বাভাস উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস দক্ষিণবঙ্গের আবহাওয়ার মেজাজও প্রায় একই রকম থাকবে। প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ জেলার এক-দুটি অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।