রাতুড়িয়ায় ভয়াবহ হত্যাকাণ্ড! ঘুমন্ত যুবককে কুপিয়ে খুন করল কে?
বার্তা ডেস্কঃ
শনিবার ভোররাতে দুর্গাপুরের কোকওভেন থানার রাতুড়িয়া এলাকায় এক বিশেষভাবে সক্ষম যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ আশরাফ (৩৫)। পরিবারের অভিযোগ, শনিবার ভোররাতে হোসেন নামের এক ব্যক্তি আশরাফের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তাঁর উপর চড়াও হয়ে চপার দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। অস্ত্রের কোপে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে পুলিশকে খবর দেন। এরপর আহত যুবককে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।
ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে এবং এর নেপথ্যে পুরনো কোনো বিবাদ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কোকওভেন থানার পুলিশ। পরিবার ও স্থানীয়দের দাবি, নিহত আশরাফ অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন এবং কারও সঙ্গে তাঁর খারাপ ব্যবহার ছিল না। অন্যদিকে, অভিযুক্ত হোসেন প্রায়শই মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ পরিবারের। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করেছে এবং খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করেছে। এই মর্মান্তিক ঘটনায় অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তা জানতে পুলিশি জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে।