সপ্তম পে কমিশনের আপডেট! সরকারি কর্মীদের বড় দাবিতে তোলপাড় রাজ্য।
বার্তা ডেস্কঃ
রাজ্যে সপ্তম পে কমিশন কার্যকরের প্রক্রিয়া দ্রুতগতিতে এগোচ্ছে। প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এসে নয়া পে কমিশনের ঘোষণা করেছিল বিজেপি সরকার। গত মাসের নবান্ন বৈঠকের সিদ্ধান্ত মেনে সম্প্রতি চালু করা হয়েছে একটি বিশেষ পোর্টাল (7spc.wb.gov.in)। এর মাধ্যমে সরকারি কর্মী, পেনশনভোগী ও বিভিন্ন সংগঠন বেতন, ভাতা, পদোন্নতি ও অবসরকালীন সুবিধা সংক্রান্ত মতামত বা স্মারকলিপি অনলাইনে জমা দিতে পারবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্যক্তিগতভাবেও বক্তব্য জানানো যাবে। এমনকি কমিশনের সঙ্গে সাক্ষাতের সময় চাইতে গেলেও এই পোর্টালটি ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। অফলাইনে অফিসে গিয়ে বা ই-মেলের মাধ্যমে কোনো নথি জমা নেওয়ার বিকল্প রাখা হয়নি।
তবে সরকারের এই একচ্ছত্র অনলাইন প্রক্রিয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় পোর্টালে স্মারকলিপি জমায় আপত্তি না জানালেও, অনলাইন-নির্ভরতার কড়া সমালোচনা করেছেন। তাঁর দাবি, শুধুই ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ বা বক্তব্য প্রকাশ যথেষ্ট নয়। কর্মচারীদের স্বশরীরে উপস্থিত থেকে কমিশনের সামনে সামনাসামনি বসে শুনানি ও মতামত দেওয়ার সুযোগ দিতে হবে। অফলাইন মাধ্যম পুরোপুরি বন্ধ করে দেওয়ায় তাঁদের সরাসরি কথা বলার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে সরব হয়েছেন তিনি।