বিদেশে বাংলার দুর্গাপুজো, ২০০ কোটি ভিউয়ের লক্ষ্যে বড় চমক রাজ্যের!

বার্তা ডেস্কঃ

ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে আন্তর্জাতিক সাংস্কৃতিক পর্যটন ব্র্যান্ড হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে এক নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। ‘বিশ্বজুড়ে বাঙালির আবেগ – দুর্গাপুজো গ্লোবাল কানেক্ট ২০২৬’ কর্মসূচির অধীনে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, বুর্জ খলিফা কিংবা লন্ডনের পিকাডিলি লাইটসের মতো বিশ্বখ্যাত স্থানগুলিতে ফুটে উঠবে বাংলার পুজোর মহিমা। প্রতিমা নির্মাণ, থিম, আলোকসজ্জা ও খাবারের বৈচিত্র্য বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে অন্তত ১০টি দেশের ২৫টি প্রবাসী বাঙালি সংগঠনকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এই বিশ্বব্যাপী প্রচার অভিযানকে গতি দিতে এবং অন্তত ২০০ কোটি ভিউ অর্জনের লক্ষ্যমাত্রা পূরণে রাজ্য পর্যটন দপ্তর ইতিমধ্যেই রূপরেখা তৈরি করে কাজ শুরু করেছে।

ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপক পৌঁছ নিশ্চিত করতে রাজ্য প্রায় ২,৬০০ জন খ্যাতনামা ইনফ্লুয়েন্সর এবং কনটেন্ট ক্রিয়েটর নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। তবে এই মহাযোগাযোগের অংশ হতে গেলে মানতে হবে একটি বিশেষ শর্ত—প্রার্থীদের সোশ্যাল মিডিয়ায় অন্তত ১০ লক্ষ (১ মিলিয়ন) ফলোয়ার বা সাবস্ক্রাইবার থাকা বাধ্যতামূলক। মোট পদের ৬০ শতাংশ ট্রাভেল ও কালচারাল ভ্লগারদের জন্য এবং বাকি ৪০ শতাংশ ফুড, ফ্যাশন ও লাইফস্টাইল ক্রিয়েটরদের জন্য সংরক্ষিত রাখা হচ্ছে, যেখানে প্রবাসী বাঙালি ইনফ্লুয়েন্সররা অগ্রাধিকার পাবেন। বিভিন্ন ভাষায় পেশাদার বিজ্ঞাপন ও ভিডিওর মাধ্যমে বিশ্বব্যাপী পুজো পর্যটনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এখন নবান্নের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *