ঋণের দায়ে তরুণীর ওপর অমানবিক নির্যাতন, বেঙ্গালুরুতে গ্রেফতার ৪!

বার্তা ডেস্কঃ

ঋণের টাকা অনাদায়ের জেরে এক তরুণীকে কাজের টোপ দিয়ে ডেকে এনে আটকে রাখা, বিবস্ত্র করে নির্যাতন চালানো এবং সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকির মতো মর্মান্তিক অভিযোগ উঠেছে বেঙ্গালুরুতে। এই ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। তবে খবর পেয়ে দ্রুত পদক্ষেপ করে পুলিশ অপহৃত তরুণীকে উদ্ধার করার পাশাপাশি দুই মহিলাসহ মোট চার অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিতা তরুণী প্রায় দু’বছর আগে রেশমা নামে এক মহিলার কাছ থেকে চড়া সুদে ১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু আর্থিক অনটনের কারণে গত ছয় মাস ধরে তিনি সুদের কিস্তি মেটাতে পারছিলেন না। এর পাশাপাশি, নাজরত নামের অপর এক মহিলার কাছ থেকেও সাপ্তাহিক ৫ হাজার টাকা সুদের শর্তে তিনি ৫০ হাজার টাকা ধার নেন। সেখানেও গত চার সপ্তাহ ধরে টাকা দেওয়া সম্ভব হয়নি।

পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে নাজরত ওই তরুণীকে ফাঁদে ফেলার চক্রান্ত করেন এবং কাজ পাইয়ে দেওয়ার কথা বলে নিজের বাড়িতে ডেকে পাঠান। তরুণী সরল বিশ্বাসে সেখানে পৌঁছানো মাত্রই তাঁকে জোর করে একটি অটো-রিকশায় তুলে বেঙ্গালুরুর অদূরে একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সেখানে রেশমা ও নাজরতের সঙ্গে যুক্ত হয় তাদের দুই পুরুষ সঙ্গী— সোহেল ও সাইফ। চারজন মিলে তরুণীকে একটি ঘরে আটকে রেখে পোশাক খুলতে বাধ্য করে এবং অমানবিক নির্যাতন চালায়। ভবিষ্যতে টাকা না দিলে ওই আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

মেয়ে আচমকা নিখোঁজ হয়ে যাওয়ায় চিন্তিত মা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ প্রযুক্তিগত তথ্যের সাহায্যে দ্রুত সেই নির্জন ডেরায় অভিযান চালায় এবং বন্দিদশা থেকে তরুণীকে উদ্ধার করে। অপরাধে জড়িত থাকার প্রমাণ মেলায় রেশমা, নাজরত, সোহেল ও সাইফকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের পেছনে আরও কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *