মন্দারমণিতে পার্কিং নিয়ে ধুন্ধুমার, রিসর্ট কর্মীদের মারধরে রক্তাক্ত পর্যটক পরিবার!

বার্তা ডেস্কঃ

সপ্তাহান্তের ছুটিতে মন্দারমণিতে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হল এক পর্যটক পরিবার। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে রিসর্টের ম্যানেজার ও কর্মীদের হাতে বেধড়ক মারধরের শিকার হলেন বজবজের এক বাসিন্দা ও তাঁর পরিবার। ঘটনায় মহিলা, শিশু ও প্রবীণ সদস্যদের ধরে টানাটানি ও মারধরের গুরুতর অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে বজবজের বাসিন্দা মহম্মদ আসিফ পরিবার নিয়ে মন্দারমণির একটি রিসর্টে পৌঁছান। গাড়ি পার্ক করে হোটেলের ঘর দেখতে যাওয়ার সময়ই ঘটনার সূত্রপাত। পার্কিং নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, রিসর্টের ম্যানেজার, নিরাপত্তাকর্মী ও অন্যান্য কর্মচারীরা একজোট হয়ে মহম্মদ আসিফ ও তাঁর পরিবারের ওপর চড়াও হন। রেহাই পাননি সঙ্গে থাকা শিশু, মহিলা ও প্রবীণ সদস্যরাও।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মন্দারমণি থানার পুলিশ। তারা গিয়ে মারমুখী পরিবেশ শান্ত করে এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে পুলিশ জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *