আজ রাত থেকেই স্বস্তি, উত্তরবঙ্গে ফিরছে স্বাভাবিক ট্রেন পরিষেবা!

বার্তা ডেস্কঃ

নিউ ফরাক্কা: নিউ ফরাক্কা স্টেশনের প্রবেশমুখে টানা বৃষ্টির জেরে রেললাইনে ধস নামায় টানা ৪৮ ঘণ্টা ব্যাহত উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল। তবে রেলযাত্রীদের জন্য এসেছে স্বস্তির খবর। ইস্ট রেলের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় ট্র্যাক মেরামতের কাজ ইতোমধ্যে ৯৫ শতাংশ সম্পূর্ণ হয়েছে। শনিবার রাতের মধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি শনিবার বিকেলে জানান, ট্র্যাকের প্রধান ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজ শেষ হয়ে গিয়েছে। ধস নেমে ক্ষতিগ্রস্ত হওয়া লাইন এখন ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বর্তমানে কেবল ওভারহেড ইলেকট্রিক তারের কার্যকারিতা পরীক্ষা করে দেখার শেষ পর্বের কাজ চলছে।

রেল কর্তৃপক্ষের আশা, শনিবার সন্ধে ৬টার পর উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেন নির্ধারিত সূচি অনুযায়ী রওনা দেয়, সেগুলি নির্দিষ্ট সময়েই চলতে পারবে। পাশাপাশি, দক্ষিণবঙ্গমুখী (ডাউন লাইন) ট্রেন পরিষেবাও শনিবার রাতের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে।

উল্লেখ্য, শনিবার সকালে ধসের কারণে শতাব্দী, বন্দে ভারত এবং সরাইঘাট এক্সপ্রেসের মতো একাধিক দূরপাল্লার ট্রেনকে বিকল্প হিসেবে নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–কাটোয়া–ব্যান্ডেল রুট দিয়ে ঘুরপথে চালানো হয়েছিল। মেরামতের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছোনোয় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *