পঞ্চায়েত ৫ নিয়ে বড় চমক, প্রধানজি হারতেই মাথায় হাত সচিবজির!
বার্তা ডেস্কঃ
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়ত’-এর চতুর্থ সিজনে ফুলেরা গ্রামের নির্বাচনী রাজনীতিতে প্রধান মঞ্জুদেবীকে হারিয়ে জয়ী হয়েছে ভিলেন ‘ভূষণ’। এই অভূতপূর্ব হারের পর গ্রামের রাজনৈতিক ও সামাজিক সমীকরণ কোন দিকে মোড় নেবে, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা। দর্শক-অনুরাগীদের এই বিপুল কৌতূহলের মাঝেই ‘পঞ্চায়ত সিজন ৫’ নিয়ে এক বড়সড় আপডেট দিলেন পরিচালক দীপক কুমার মিশ্র। তিনি জানিয়েছেন, আগামী সিজনে প্রতিটি চরিত্রের জীবনেই বিরাট পরিবর্তন আসবে। বিশেষ করে নির্বাচনী বিপর্যয়ের পর গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি এবং প্রধানজির জীবনের নানা অপ্রত্যাশিত মোড় এই সিজনের প্রধান আকর্ষণ হতে চলেছে। একই সঙ্গে থাকবে সচিবজি অভিষেক ত্রিপাঠি ও রিঙ্কির সম্পর্কের নতুন সমীকরণ।
দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে পরিচালক জানান, বর্তমানে জোরকদমে পঞ্চায়ত ৫-এর সম্পাদনা বা এডিটিংয়ের কাজ চলছে। সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষিত না হলেও, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যেই নতুন সিজনটি মুক্তি পেতে পারে। শুধু তা-ই নয়, সিরিজের সমাপ্তি নিয়ে ওঠা গুঞ্জন একবাক্যে উড়িয়ে দিয়েছেন তিনি। দীপক কুমার মিশ্র স্পষ্ট জানান, এখনই শেষ হচ্ছে না এই হিট সিরিজ; বরং পঞ্চম সিজনের পরও ফুলেরার এই গল্প আরও বহুদূর এগিয়ে যাবে।