১০০ কেজি সোনায় মোড়া দুর্গা প্রতিমা! শিলিগুড়িতে মেগা চমক
বার্তা ডেস্কঃ
মাঠ জট ও স্থান পরিবর্তনের অনিশ্চয়তা দূরে সরিয়ে ৬৪তম বর্ষে শহরের সবচাইতে বড় চমক দিতে চলেছে শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির দুর্গাপুজো কমিটি। এ বছর দুর্গা প্রতিমা এবং মণ্ডপসজ্জায় প্রায় ১০০ কেজি আসল সোনা ব্যবহারের এক অভূতপূর্ব প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা।
এতদিন রেলের ইনস্টিটিউট মাঠে এই পুজো হয়ে আসলেও, সেখানে আধুনিক স্টেডিয়াম তৈরির কাজ শুরু হওয়ায় পুজো বন্ধের জল্পনা তৈরি হয়েছিল। তবে সমস্ত গুঞ্জন উড়িয়ে এনজেপি থানার বিপরীতে, এডিআরএম (ADRM) অফিসের পাশের ফাঁকা মাঠে এক মাস আগেই খুঁটিপুজো সম্পন্ন হয়েছে।
একটি নামজাদা গয়না প্রস্তুতকারী সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির যৌথ উদ্যোগে দুর্গা প্রতিমার মুকুট, অলঙ্কার, অন্যান্য দেব-দেবীদের সাজসজ্জা এবং মণ্ডপের একাংশে সোনার পাত ব্যবহারের প্রাথমিক পরিকল্পনা হয়েছে। পুজোয় বিপুল ভিড় সামলাতে কড়া নিরাপত্তার প্রয়োজন। এ বিষয়ে ক্লাবকর্তারা জানান, নিজস্ব নিরাপত্তার পাশাপাশি গয়না প্রস্তুতকারী সংস্থাই পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় আইনি অনুমতি নেওয়ার বিষয়টি তদারকি করছে।
তবে এখনই পুরো বিষয়টি বিস্তারিতভাবে প্রকাশ করতে নারাজ উদ্যোক্তারা। পুজো কমিটির অন্যতম সদস্য জয় রাজ জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বর একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে গয়না প্রস্তুতকারী সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্টকে সাথে নিয়ে এই মেগা প্রজেক্টের সমস্ত খুঁটিনাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।