বাসি ক্ষীর ও পচা মাংসে ফিনাইল, কলকাতার বাজারে পুরসভার ধড়পাকড়!

বার্তা ডেস্কঃ

খাদ্য সুরক্ষায় কঠোর অবস্থান নিয়ে কলকাতার বউবাজার পনিরপট্টি এবং গড়িয়াহাট বাজারে অতর্কিত অভিযান চালিয়েছে কলকাতা পুরসভার এনফোর্সমেন্ট ও খাদ্য সুরক্ষা দফতর। সোমবারের এই জোড়া অভিযানে প্রচুর পরিমানে বাসি মিষ্টি, ক্ষীর এবং মেয়াদোত্তীর্ণ পচা মাংস বাজেয়াপ্ত ও নষ্ট করা হয়।

বউবাজারের ঐতিহ্যবাহী পনিরপট্টিতে রাসায়নিক আয়োডিন দ্রবণের সাহায্যে পনিরের ঘনত্ব ও গুণমান পরীক্ষা করা হয়। বেশিরভাগ দোকানের পনির সন্তোষজনক হলেও, বেশ কিছু দোকানে মিলেছে বাসি খোয়া ক্ষীর এবং ছানার কেক। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে সেগুলিকে তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয় এবং ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। এছাড়া বৈধ ফুড লাইসেন্স না থাকায় এলাকার একটি দোকানকে নোটিস ধরানো হয়েছে।

অন্যদিকে, গড়িয়াহাট বাজারে মাছের দোকান থেকে বিভিন্ন মাছের নমুনা সংগ্রহ করে সিলবন্ধ অবস্থায় পরীক্ষাগারে পাঠানো হয়। এরপর মাংসের আড়তে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে চরম অনিয়ম। নিয়ম মেনে প্যাকেটের গায়ে মেয়াদের তারিখ (ডেট ট্যাগিং) না রেখে কেজি কেজি হিমায়িত মুরগি ও খাসির মাংস জমিয়ে রাখা হয়েছিল।

জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে কালবিলম্ব না করে প্রায় ১০ থেকে ১৫ কেজি মেয়াদোত্তীর্ণ মাংস বাজেয়াপ্ত করে পুরসভা। অসাধু ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই এই মাংস পুনরায় বিক্রি করতে না পারে, তার জন্য প্রকাশ্যে মাংসের ওপর ফিনাইল মেশানো জল ঢেলে সেগুলিকে চিরতরে ব্যবহারের অযোগ্য করে দেওয়া হয় এবং পুরসভার গাড়িতে করে ভ্যাটে ফেলে দেওয়া হয়।

শহরের মানুষের পাতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার তুলে দিতে পুরসভার এই কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সাধারণ নাগরিক সমাজ। আগামী দিনেও কলকাতার অন্যান্য বাজারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুরসূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *