পুজোর মুখে বড় সুখবর, প্যারাটিচার ও বনকর্মীদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা!

বার্তা ডেস্কঃ

কলকাতা: দুর্গাপূজার আগেই রাজ্যের শিক্ষা, বন ও প্রশাসনিক ক্ষেত্রের কর্মীদের জন্য একগুচ্ছ আর্থিক সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের (প্যারাটিচার) মাসিক ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেবল পার্শ্বশিক্ষকই নন—শিক্ষা বন্ধু এবং স্পেশাল এডুকেটরদের ভাতাও ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। পাশাপাশি ম্যানেজমেন্ট স্টাফদের পদ অনুযায়ী ৫ হাজার, ৭ হাজার এবং ১০ হাজার টাকা ভাতা বৃদ্ধির কথা জানানো হয়েছে। অন্যদিকে এসএসকে-র সহায়ক এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের ভাতাও ৫ হাজার টাকা করে বাড়ছে।

শিক্ষা ক্ষেত্রের পাশাপাশি বন দপ্তরের কর্মীদের ক্ষেত্রেও আর্থিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। বনকর্মী ও বনসহায়কদের ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি পেয়ে ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এছাড়া প্রাক্তন বিধায়কদের চিকিৎসা সংক্রান্ত ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে (কার্যকর ১ আগস্ট থেকে)। আর যেসব বিধায়ক নিজের এলাকায় নেতাজি সেবা কেন্দ্র চালু করেছেন, তাঁদের জন্য ৩০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা দপ্তরের ১৪টি ক্যাটাগরি বাজেটে প্রত্যাশিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকায় মন্ত্রিসভার সহানুভূতিশীল বিবেচনায় অতিরিক্ত ৩৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বদলি প্রক্রিয়া সহজ করতে একটি বিশেষ পোর্টাল চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সংক্রান্ত বিল পাসের লক্ষ্যেই চলতি মাসে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *