স্কুল গড়ে পদ্মশ্রী পাওয়া হাজাব্বাকে নোটিস! বিতর্কের মুখে পিছু হটল কমিশন?

বার্তা ডেস্কঃ

কমলালেবু বিক্রির টাকায় স্কুল গড়ে তুলে নজরকাড়া পদ্মশ্রী সম্মানপ্রাপক হরেকেলা হাজাব্বাকে নির্বাচন কমিশনের নোটিস পাঠানো নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। তবে বিতর্ক বাড়তেই তড়িঘড়ি পদক্ষেপ করে নোটিস প্রত্যাহার করে নিয়েছেন কমিশন কর্তারা।

কর্নাটকে বর্তমানে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া চলছে। জানা গেছে, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম শুধু ‘হাজাব্বা’ হিসেবে নথিভুক্ত ছিল। অন্যদিকে বর্তমান আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট এবং নতুন ভোটার কার্ডে তাঁর নাম ‘হরেকেলা হাজাব্বা’। এই নামের গরমিল দেখিয়ে ম্যাঙ্গালুরুর নিউ পাডপু গ্রামের অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে তাঁকে আগামী ১১ সেপ্টেম্বর স্থানীয় পঞ্চায়েত অফিসে হাজির হওয়ার নোটিস দেওয়া হয়।

খবরটি জানাজানি হতেই দেশজুড়ে সমালোচনা শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল সরাসরি হাজাব্বার বাড়িতে উপস্থিত হন। তাঁরা তাঁর কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন এবং ভোটার তালিকার ত্রুটি সংশোধনের পূর্ণ আশ্বাস দিয়ে নোটিসটি প্রত্যাহার করে নেন।

ম্যাঙ্গালুরুর রাস্তায় কমলালেবু বিক্রি করা নিরক্ষর হরেকেলা হাজাব্বা নিজের উপার্জিত সঞ্চয় দিয়ে গ্রামে স্কুল তৈরি করেছিলেন, যাতে তাঁর গ্রামের কোনো শিশু অশিক্ষিত না থাকে। এই অনন্য অবদানের জন্য ২০২০ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়। প্রসঙ্গত, কর্নাটকে গত ৩০ জুন থেকে শুরু হওয়া SIR প্রক্রিয়ায় প্রায় ৪৩.৮১ লক্ষ ভোটারকে নোটিস পাঠানোর লক্ষ্য রয়েছে। এই প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৭ অক্টোবর প্রকাশিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *