যন্তর মন্তরে প্রতিবাদের ‘শাস্তি’! ছাত্রনেতার কাছে ৫ লাখ টাকার বন্ড দাবি যোগী প্রশাসনের
বার্তা ডেস্কঃ
সরকারি পরীক্ষার ধারাবাহিক প্রশ্নফাঁস, আকাশছোঁয়া বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থার সংকটের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে সরব হয়েছিলেন হাজার হাজার ছাত্র-যুব। সেই গণতান্ত্রিক আন্দোলনের জেরেই এবার কঠোর প্রশাসনিক পদক্ষেপের মুখে পড়তে হলো এক ছাত্রনেতাকে। আন্দোলনের সময় শিক্ষার্থীদের উসকানি দেওয়ার অভিযোগে ভারতের ছাত্র ফেডারেশন (SFI)-এর উত্তরপ্রদেশ রাজ্য কমিটির সদস্য ও গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অক্ষত ত্রিপাঠীকে নোটিস পাঠিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।
গ্রেটার নয়ডার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৩০ নম্বর ধারায় অক্ষতের কাছে নগদ ৫ লাখ টাকার বিপুল অঙ্কের মুচলেকা বা ‘বন্ড’ দাবি করেছেন। প্রশাসনের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে এসএফআই। ছাত্র সংগঠনগুলির অভিযোগ, শিক্ষা ব্যবস্থার সংকট মেটানোর বদলে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করতে উদ্যমী হয়েছে যোগী আদিত্যনাথের সরকার।
উল্লেখ্য, গত ২০ জুলাই দেশব্যাপী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে যন্তর মন্তর থেকে সংসদ ভবন অভিমুখে শুরু হওয়া একটি শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছিলেন অক্ষত। অভিযোগ, মিছিলটি পৌঁছনোর আগেই দিল্লি পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয় এবং ব্যাপক লাঠিচার্জ করে। পুলিশের সেই বলপ্রয়োগে অক্ষত নিজেও গুরুতর আহত হন।
একটি শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য পাঁচ লক্ষ টাকার বন্ড তলব করার ঘটনাকে সুপ্রিম কোর্টের নির্দেশিকা ও মৌলিক অধিকারের লঙ্ঘন বলে মনে করছে ছাত্র সমাজ। তবে নোটিস বা বিশাল অঙ্কের মুচলেকার ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না জানিয়ে ছাত্র সংগঠনগুলি স্পষ্ট বার্তা দিয়েছে— প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে তাদের এই লড়াই রাজপথেই জারি থাকবে।