সরকারি হাসপাতালের সিসিইউ নিয়ে স্বাস্থ্য ভবনের কড়া নির্দেশ, ইনচার্জ পদে বিশেষজ্ঞ এখন বাধ্যতামূলক!
September 8, 2026
বার্তা ডেস্কঃ
কলকাতা: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU) পরিষেবা আরও আধুনিক, উন্নত ও সুশৃঙ্খল করতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল এবং রুরাল হাসপাতালের কর্তাদের সঙ্গে অনলাইন ও অফলাইন বৈঠক করে এই নতুন নির্দেশমালা প্রদান করা হয়েছে।
মূল নির্দেশিকাসমূহ:
- অবিলম্বে সিসিইউ চালু: যে সমস্ত হাসপাতালে সিসিইউ-এর পরিকাঠামো তৈরি থাকা সত্ত্বেও পরিষেবা শুরু হয়নি, সেগুলি অবিলম্বে চালু করার আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে বীরপাড়া SGH, ফ্রেজারগঞ্জ PHC, চন্দননগর SDH, সাগরদিঘি SSH, কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, বেলদা SSH, ডেবরা SSH, শালবনি SSH, আমতলা TCU এবং মেটিয়াবুরুজ SSH অন্যতম। কাজ সম্পন্ন হওয়া মাত্রই তা CCMIS পোর্টালে আপডেট করতে হবে।
- হাইব্রিড সিসিইউ গঠন: রাজ্যে মোট ৭৬টি ইউনিটকে ১৮ থেকে ২৪ শয্যাবিশিষ্ট ‘হাইব্রিড CCU’-তে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফালাকাটা, রায়গঞ্জ, কালনা, আসানসোল, ওন্দা, গোপীবল্লভপুর, পাঁশকুড়া, ডেবরা ও শালবনিতে এই সংক্রান্ত বাকি থাকা কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে।
- বিশেষজ্ঞ ইনচার্জ নিয়োগ: প্রতিটি সিসিইউ-তে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ‘আইসিইউ ইনচার্জ’ হিসেবে দায়িত্ব দিতে হবে। সংশ্লিষ্ট চিকিৎসকের অ্যানেস্থেসিওলজি, মেডিসিন, পালমোনারি মেডিসিন, পেডিয়াট্রিক্স বা ইমার্জেন্সি মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির পাশাপাশি ইন্টেনসিভ কেয়ার বিষয়ে ২ বছরের পোস্ট-ডক্টরাল সার্টিফিকেট থাকতে হবে।
- ২৪ ঘণ্টা শিফট ডিউটি: আইসিইউ-তে রোগীদের নিরবচ্ছিন্ন নজরদারির জন্য অ্যানেস্থেসিয়া, মেডিসিন, পালমোনোলজি, সার্জারি ইত্যাদি বিষয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারী রেসিডেন্ট চিকিৎসকদের ২৪ ঘণ্টা ডিউটিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আইসিইউ-তে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়া হবে।
- সাপ্তাহিক রিভিউ মিটিং: প্রতিটি ইউনিটের চিকিৎসার মান ও কার্যকারিতা পর্যালোচনার জন্য প্রতি সপ্তাহে নিয়মিত রিভিউ মিটিং আয়োজন করা বাধ্যতামূলক করা হয়েছে।