নাদিমুল হকের অফিসে শেষ তল্লাশি, বাজেয়াপ্ত ডিজিটাল তথ্য!
বার্তা ডেস্কঃ
September 8, 202610:33 am
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের পার্ক সার্কাসের সংবাদপত্র অফিসে দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে চলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি অভিযান অবশেষে শেষ হয়েছে। সোমবার সকাল ৬টা নাগাদ ১২ নম্বর দরগা রোডে অবস্থিত সাংসদের নামী উর্দু সংবাদপত্র ‘আখবার-ই-মশরিক’-এর কার্যালয়ে অভিযান শুরু করেন তদন্তকারীরা। দীর্ঘ এই অভিযানে জরুরি নথিপত্র, ডিজিটাল তথ্য এবং সাংসদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, উক্ত সংবাদপত্রের ব্যাংক অ্যাকাউন্টে কিছু অডিট-বহির্ভূত ও অসঙ্গতিপূর্ণ লেনদেনের তথ্য উঠে এসেছে। গত মাসেই এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল, যার ভিত্তিতে পরবর্তীতে আর্থিক তছরুপের মামলা রুজু করে তদন্তে নামে ইডি। সোমবার কলকাতা, দিল্লি, রাঁচি, আসানসোল ও শ্রীনগরসহ একযোগে ৭টি স্থানে এ বিষয়ে তল্লাশি চালানো হয়।
অভিযান শুরুর সময় নাদিমুল হক রাঁচিতে ছিলেন। খবর পেয়ে ইডি আধিকারিকরা সেখানেই তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে কেন্দ্রীয় সংস্থার নিরাপত্তার ঘেরাটোপে নিজের গাড়িতে কলকাতায় ফেরেন সাংসদ। কলকাতায় পৌঁছানোর পরও তাঁকে দফায় দফায় জেরা করেন তদন্তকারীরা। সংবাদপত্রের কার্যালয় ছাড়াও সাংসদের বাসভবন, আত্মীয়দের বাড়ি এবং প্রতিষ্ঠানের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, বাজেয়াপ্ত হওয়া নথিপত্র ও ডিজিটাল ডেটা বিস্তারিত খতিয়ে দেখার পর তৃণমূল সাংসদ নাদিমুল হককে আবারও তলব করা হতে পারে।