আর সময় দেওয়া হবে না, অভিষেকের আইনজীবীকে কড়া হুঁশিয়ারি হাইকোর্টের!

বার্তা ডেস্কঃ

‘লিপস অ্যান্ড বাউন্স’ সংক্রান্ত আমতলার বিতর্কিত পার্টি অফিস মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। একাধিকবার শুনানিতে অতিরিক্ত সময় চাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করে আদালত স্পষ্ট জানিয়েছে, পরবর্তী শুনানিতে উপস্থিত না থাকলে নির্মাণ ভাঙার ওপর থাকা স্থগিতাদেশ তুলে নেওয়া হবে।

মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ সতর্ক করে জানান, আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিনে সমস্ত প্রস্তুতি ও নথি নিয়ে হাজির থাকতে হবে। যদি ওই দিন শুনানিতে অংশ না নেওয়া হয়, তবে আমতলার বিতর্কিত কার্যালয়টি ভাঙার ওপর হাই কোর্টের দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশ বাতিল করে দেওয়া হবে।

এর আগে একটি অন্তর্বর্তী নির্দেশে ওই পার্টি অফিস ভাঙার প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা বজায় রাখা হয়েছিল। আদালতে ভবনটির পক্ষের প্রবীণ আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, কোনো আগাম আইনি নোটিশ না দিয়ে সম্পত্তি ভাঙার চেষ্টা চরম বেআইনি। অন্যদিকে তৃণমূলের আইনজীবী অয়ন ভট্টাচার্যের আবেদনের ভিত্তিতে আদালত আপাতত স্থগিতাদেশ বজায় রাখলেও, বারবার সময় পিছনোর আর্জি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। ফলে আগামী ২২ সেপ্টেম্বরের শুনানির ওপরই নির্ভর করছে আমতলার এই বিতর্কিত ভবনের ভবিষ্যৎ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *