খাদ্যবিতর্ক আর কতদূর? পুজোয় বিস্ফোরক ঋদ্ধি সেন!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজো ঘনিয়ে আসতেই পশ্চিমবঙ্গে নতুন করে তুঙ্গে উঠেছে আমিষ-নিরামিষ খাদ্যাভ্যাস নিয়ে বিতর্ক। পুজো মণ্ডপের আশপাশে আমিষ খাবার বিক্রি বা খাওয়া এড়িয়ে চলার জন্য কয়েকটি ধর্মীয় ও হিন্দুত্ববাদী সংগঠন আবেদন জানানোর পর থেকেই বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক চৰ্চা শুরু হয়। বাঙালির উৎসব আর আড্ডার এই আবহেই এবার বিতর্ক নিয়ে মুখ খুলে তীব্র রাজনৈতিক কটাক্ষ করলেন অভিনেতা ঋদ্ধি সেন।
সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধি ব্যঙ্গাত্মক সুরে লেখেন, রাজনীতিতে যেমন ‘ভালো তৃণমূল’ ও ‘খারাপ তৃণমূল’-এর বিভাজন তৈরি করা হয়, তেমনই খাদ্যাভ্যাস নিয়েও খুব শিগগিরই ‘ভালো নন-ভেজ’ আর ‘খারাপ নন-ভেজ’-এর গল্প সাজানো হবে। এরপর আরও চাঁচাছোলা ভাষায় তিনি লেখেন, যে রাজনীতিতে খুন, চুরি, ধর্ষণ, দাঙ্গা কিংবা দলবদলের মতো গুরুতর অপরাধগুলোকে পরিস্থিতি অনুযায়ী ‘ভালো’ ও ‘খারাপ’-এর ছাঁচে ফেলা হয়, সেখানে আমিষ-নিরামিষ খাবার নিয়ে এই বিতর্ক নিতান্তই তুচ্ছ।
ঋদ্ধির এই বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। একাংশের মতে, তিনি বর্তমান সামাজিক ও রাজনৈতিক দ্বিচারিতাকেই ব্যঙ্গ করেছেন। আবার অন্য অংশের মতে, সর্বজনীন উৎসবের সঙ্গে খাদ্যাভ্যাসকে জুড়ে দিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে, দুর্গাপুজোর মুখে প্যান্ডেল হপিংয়ের প্রস্তুতির পাশাপাশি আমিষ-নিরামিষ নিয়ে তরজা যে আরও একধাপ জোরালো হলো, তা ঋদ্ধির মন্তব্যেই স্পষ্ট।