খাচ্ছেন তো বিষ? কলকাতার ৪০টি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল, উদ্ধার হাজার কেজি পচা খাবার!
বার্তা ডেস্কঃ
আসন্ন দুর্গাপুজোর আগে শহরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বড়সড় পদক্ষেপ করল রাজ্য খাদ্য দফতর ও কলকাতা পুরসভা। যৌথ অভিযানে নেমে শহরের প্রায় ৪০টি নামী রেস্তোরাঁ ও ফুড জয়েন্টের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করা হয়েছে। হেঁশেলে চরম অস্বাস্থ্যকর পরিবেশ এবং মারাত্মক অনিয়ম ধরা পড়ার পরই এই কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
‘ফুড সেফটি সপ্তাহ’ উপলক্ষে শহরের প্রায় ৫৯২টি প্রতিষ্ঠানে আচমকা তল্লাশি চালান আধিকারিকেরা। বড় বড় মল, নামী রেস্তোরাঁ এবং জনপ্রিয় মিষ্টির দোকানের রান্নাঘর ও ফ্রিজ থেকে উদ্ধার করা হয় প্রায় ১,২২৪ কেজি পচা ও বাসি খাবার, যা সঙ্গে সঙ্গেই নষ্ট করে দেওয়া হয়। তল্লাশি চলাকালীন বহু ফ্রিজের ভেতর আরশোলা ও ক্ষতিকর পোকামাকড় কিলবিল করতে দেখেন আধিকারিকেরা।
পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানান, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। পুজোর মরশুমে নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে এই অভিযান টানা চলবে। তবে যাদের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে, তারা পরবর্তীতে পুরসভার নির্ধারিত স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার মানদণ্ড মেনে চললে লাইসেন্স ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।