লিলুয়ায় চোর সন্দেহে পিটিয়ে খুন, প্রমাণ লোপাটের চেষ্টা বানচাল!
বার্তা ডেস্কঃ
September 9, 202611:33 am
হাওড়ার লিলুয়ায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। নিহত ব্যক্তির নাম রাজকুমার চৌহান (৪৩), তিনি হুগলির উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন। গণপিটুনির পর নিহতের দেহ অন্যত্র লুকিয়ে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল বলেও মারাত্মক অভিযোগ উঠেছে। খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে লিলুয়া থানা সংলগ্ন এলাকার একটি কারখানায় ঢুকেছিলেন রাজকুমার। স্থানীয়দের একাংশের দাবি, চুরির উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন। কারখানার ভেতরের কয়েকজন তাঁকে হাতেনাতে ধরে ফেলে এবং বেধড়ক মারধর শুরু করে। গণপিটুনির চোটে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজকুমার। এরপর ঘটনা ধামাচাপা দিতে এবং পুলিশি ঝামেলা এড়াতে তড়িঘড়ি মৃতদেহটি গায়েব করার ছক কষা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভজিৎ পটেল এবং সুমিত পাসয়োন নামে দুই যুবককে গ্রেফতার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। তিনি জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে এবং দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার গভীর তদন্তের জন্য ফরেনসিক দল আনা হচ্ছে। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও সময় নিশ্চিত হওয়া যাবে।