টাকা নিয়ে বিদেশ পালানো বন্ধে ইতিহাস গড়ছে ভারত!

বার্তা ডেস্কঃ

ভারতের মাটিতে বসতে চলেছে ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত এই আন্তর্জাতিক বিশ্বমঞ্চে ভারতের প্রধান লক্ষ্য—হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া অর্থনৈতিক অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা। ব্রিকস প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীতে সদস্য দেশগুলির সামনে এক যুগান্তকারী ও সর্বাত্মক প্রস্তাব পেশ করতে চলেছে ভারত, যা পলাতক অপরাধীদের অবস্থান চিহ্নিত করা ও তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় অভাবনীয় গতি আনবে।

আইনি দীর্ঘসূত্রিতা কাটিয়ে সরাসরি অ্যাকশন বর্তমানে আইনি জটিলতার কারণে অপরাধীদের বিদেশ থেকে ফিরিয়ে আনা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় পরিণত হয়। ভারত সরকারের নতুন প্রস্তাবিত কাঠামোর উদ্দেশ্য হলো ব্রিকসভুক্ত দেশগুলির মধ্যে দ্রুত গোয়েন্দা তথ্য আদান-প্রদান নিশ্চিত করা। তদন্তের শুরুতেই একটি নির্দিষ্ট ফরম্যাটে তথ্য শেয়ার করা এবং চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধারের কঠোর নিয়ম তৈরি করা হবে। তদন্তকারী সংস্থাগুলির মধ্যে সমন্বিত নেটওয়ার্ক গড়ার এই পদক্ষেপে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে, যা শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে।

নীরব মোদী ও মেহুল চোকসিদের ফেরানো সহজ হবে ১৩,০০০ কোটি টাকার ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদী ও মেহুল চোকসির মতো পলাতকদের দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য বা বেলজিয়ামের আইনি লড়াই পেরিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত। নতুন পরিকাঠামো চালু হলে বিভিন্ন দেশের তদন্তকারী সংস্থাগুলি প্রথম দিন থেকেই যৌথভাবে কাজ করতে পারবে, যা প্রত্যর্পণ প্রক্রিয়াকে বহুলাংশে ত্বরান্বিত করবে।

ক্রিপ্টো ও ডিজিটাল সম্পদে কঠোর নজরদারি তদন্তকারীদের চোখ এড়াতে আধুনিক অপরাধীরা ক্রিপ্টোকারেন্সি ও ফিনটেক প্ল্যাটফর্ম ব্যবহার করছে। ভারতের নতুন প্রস্তাবে এই ডিজিটাল সম্পদ ট্র্যাকিং ও বাজেয়াপ্ত করার সুনির্দিষ্ট গাইডলাইন রাখা হয়েছে। উল্লেখ্য, ভারতের জি-২০ সভাপতিত্বকালেও ক্রিপ্টো নিয়ন্ত্রণে বৈশ্বিক নীতি তৈরির দাবি জোরালো হয়েছিল।

সম্মেলনের প্রাক্কালে, ৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত গান্ধীনগরের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর সহায়তায় বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে ভারতের রাজস্ব বিভাগ। ব্রিকসভুক্ত দেশের বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এই কর্মশালার মূল উদ্দেশ্য আন্তর্জাতিক আর্থিক অপরাধ মোকাবিলার সক্ষমতা বহুলাংশে বাড়িয়ে তোলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *