চাকরির টোপে ২ লাখ গায়েব! বিজেপির সাধারণ সম্পাদক সাসপেন্ড
বার্তা ডেস্কঃ
September 9, 202612:33 pm
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে চাকরির নাম করে ২ লক্ষ টাকা প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ উঠল শাসকদল নয়, খোদ বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সোমেন মুখোপাধ্যায় মঙ্গলকোট ৩ নম্বর মণ্ডলের বিজেপি সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দলেরই ১০৭ নম্বর বুথ সভাপতি বিমল চট্টরাজের ছেলে অ্যালিস চট্টরাজ।
ঘটনার বিবরণ: অভিযোগ অনুযায়ী, প্রায় বছরখানেক আগে অ্যালিসকে জনস্বাস্থ্য কারিগরি (PHE) দপ্তরে পাম্প অপারেটরের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান বিজেপি নেতা সোমেন মুখোপাধ্যায়। অভিযোগকারী বিমল চট্টরাজের দাবি, চাকরির বিনিময়ে সোমেন ২ লক্ষ টাকা নেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও চাকরি মেলেনি, উপরন্তু টাকা ফেরত চাইতে গেলে তা দিতে অস্বীকার করা হয়। শেষমেশ টাকা লেনদেনের উপযুক্ত প্রমাণসহ মঙ্গলকোট থানায় সোমেনের বিরুদ্ধে লিখিত নালিশ জানান অ্যালিস।
দলীয় পদক্ষেপ ও পুলিশি তদন্ত: ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলকোটের রাজনৈতিক মহলে। মঙ্গলকোট ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি মন্দিরা চট্টরাজ জানান, ওঠার অভিযোগের সপক্ষে একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে। ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাধারণ সম্পাদক সোমেন মুখোপাধ্যায়কে ইতিমধ্যই সাসপেন্ড করা হয়েছে। পুলিশও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
অভিযুক্তের সাফাই: নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা সোমেন মুখোপাধ্যায়। তাঁর দাবি, “চাকরির টোপ দিয়ে আমি কোনো টাকা নিইনি। ওই টাকা ধার হিসেবে নেওয়া হয়েছিল এবং আমি তা ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছি। সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে।”
তবে অভিযুক্তের সাফাই সত্ত্বেও এই ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব, আর সুযোগ পেয়ে রাজনৈতিক আক্রমণ শানাতে ছাড়ছে না বিরোধীরা।