পুজোর আগেই চা বাগানে ২০% বোনাস, খুশির জোয়ারে ভাসলেন শ্রমিকরা!
বার্তা ডেস্কঃ
September 9, 202612:33 pm
ডুয়ার্স: প্রতি বছর দুর্গাপুজোর আগে জলপাইগুড়ির চা বাগানগুলোতে যে গেট মিটিং, বিক্ষোভ কিংবা রাস্তা অবরোধের উত্তপ্ত ছবি দেখা যেত, এবার তা সম্পূর্ণ বদলে গেল। কোনো আন্দোলন বা জটিলতার আগেই চা শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস ঘোষণা করা হয়েছে। সরকারের এই দ্রুত পদক্ষেপ ও বোনাস নিশ্চিত হওয়ায় ডুয়ার্স এবং জলপাইগুড়ি জেলার প্রায় ৯০টি ছোট-বড় চা বাগানে বইছে আনন্দের হাওয়া।
প্রতি বছর বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনে নামতে হতো এবং মালিকপক্ষের টালবাহানায় তৈরি হতো গভীর অনিশ্চয়তা। কিন্তু এবার পুজোর বেশ আগেই বোনাস ঘোষণা হয়ে যাওয়ায় বড়সড় দুশ্চিন্তার হাত থেকে রেহাই পেয়েছেন চা শ্রমিকরা।
শ্রমিক পরিবারগুলির কাছে এই বোনাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের নতুন পোশাক, পরিবারের জন্য পুজোর কয়েক দিনের ভালো-মন্দ খাওয়াদাওয়া এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা ঘরদোর মেরামতের কাজ—সবকিছুই সম্ভব হয় এই টাকার ওপর ভরসা করে। আন্দোলন ছাড়াই পাওনা নিশ্চিত হওয়ায় স্বস্তিতে থাকা শ্রমিকরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। বোনাসের টাকা হাতে পাওয়ার আগেই এবার ডুয়ার্সের চা বাগানগুলোতে শুরু হয়ে গেছে পুজোর জোরকদমে কেনাকাটা ও উদযাপনের প্রস্তুতি।