কোমরে ৯০ লাখের সোনা! দিনহাটায় নাকা চেকিংয়ে গ্রেপ্তার পাচারকারী
বার্তা ডেস্কঃ
September 9, 202612:33 pm
কোচবিহারের দিনহাটায় ফের নাকা তল্লাশিতে মিলল বড় সাফল্য। মঙ্গলবার গভীর রাতে সাহেবগঞ্জ এলাকায় প্রায় ৯০ লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুটসহ এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ সাহেবগঞ্জ রোডে গোপন তথ্যের ভিত্তিতে নাকা তল্লাশি চালানো হচ্ছিল। সে সময় এক পথচারী যুবককে দেখে পুলিশের সন্দেহ হয়। তাকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের— ট্রাউজার্সের বেল্টের ভেতর সাবধানে গুঁজে রাখা ছিল পাঁচটি সোনার বিস্কুট।
আটক যুবকের নাম রেজাউল হক। তিনি সাহেবগঞ্জ থানার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনার বিস্কুটগুলোর ব্যাপারে তিনি কোনো স্পষ্ট উত্তর না দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৬৮১ গ্রামেরও বেশি, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৯০ লক্ষ টাকার ওপর।
তদন্তকারীরা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন এই এলাকায় আন্তর্জাতিক কোনো সোনা পাচার চক্র সক্রিয় রয়েছে। কিছুদিন আগেই দিনহাটায় টেনিস বলের ভেতরে সোনা লুকিয়ে পাচারের এক অভিনব চেষ্টা ধরেছিল পুলিশ। প্রাথমিক অনুমান, রেজাউলও একই আন্তর্জাতিক পাচার চক্রের সক্রিয় সদস্য। এই চালানের পেছনে আর কারা রয়েছে, তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।