শুভেন্দুর নেতৃত্বে গোলপার্ক থেকে যাদবপুর, আজ বিজেপির ‘গেরুয়া সম্মান যাত্রা’য় উত্তাল শহর!
বার্তা ডেস্কঃ
September 9, 202612:33 pm
কলকাতা: রাজ্যজুড়ে গেরুয়া রং নিয়ে চলমান বিতর্কের আবহে আজ, বুধবার বিকেল ৩টেয় কলকাতার রাজপথে নামছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গোলপার্ক থেকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত আয়োজিত হচ্ছে বিশেষ ‘গেরুয়া সম্মান যাত্রা’। এই মিছিলে নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (মূল প্রতিবেদনে ভুলবশত শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছিল)। কর্মসূচির আহ্বান জানিয়ে বিজেপির তরফে বার্তা দেওয়া হয়েছে— “গেরুয়া শুধু একটি রং নয়; এটি ত্যাগ, আত্মনিবেদন ও সনাতন ঐতিহ্যের প্রতীক।”
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠন ও এবিভিপির (ABVP) মধ্যে হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় চত্বরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। ক্যাম্পাসের সেই উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক পরিসরেও। সংঘাতময় এই আবহে বিরোধী দলনেতার নেতৃত্বে আয়োজিত মিছিলকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজপথের এই কর্মসূচি থেকে রাজনৈতিক বার্তা কী আসে এবং কতটা জনসমাগম হয়, সেদিকেই নজর সকলের।
মিছিলে প্রায় ৭,০০০ মানুষের অংশগ্রহণের কথা মাথায় রেখে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। বিশৃঙ্খলা এড়াতে দায়িত্বে থাকবেন প্রায় ১,০০০ পুলিশ কর্মী। পাশাপাশি বিশেষ সতর্কতা হিসেবে মিছিল চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।