কাঁটাতার পেরিয়ে অবৈধ প্রবেশ! নদিয়ায় বড় সাফল্য পুলিশের, গ্রেফতার ৫ বাংলাদেশি

বার্তা ডেস্কঃ

নদিয়া: রাজ্য জুড়ে অনুপ্রবেশবিরোধী কড়া নজরদারির মাঝেই ফের নদিয়া সীমান্তে বড় সাফল্য পেল পুলিশ। হাঁসখালি থানার এক গোপন অভিযানে গ্রেফতার করা হয়েছে পাঁচ জন বাংলাদেশি নাগরিককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে ভারতে প্রবেশের মতো কোনো বৈধ নথিপত্র ছিল না।

গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে হাঁসখালি থানার উমরপুর এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ওই পাঁচজনকে আটক করা হয়। টানা জিজ্ঞাসাবাদের পর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন ২ জন মহিলা, ২ জন রূপান্তরকামী এবং ১ জন পুরুষ। ধৃত ব্যক্তিরা হলেন— নাহিদা বেগম, আশা হিজড়া, শিলা আক্তার, রিতা মোল্লা এবং মোহাম্মদ রাসেল মিয়া। তাঁরা বাংলাদেশের খুলনা, আশুলিয়া, ময়মনসিংহ, অভয়নগর ও মহেশপুরের বাসিন্দা। বুধবার (৯ সেপ্টেম্বর) ধৃতদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে হাঁসখালি থানার পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য জুড়ে অনুপ্রবেশ রুখতে পুলিশ ও বিএসএফ (BSF)-এর টহলদারি জোরদার করা হয়েছে। গত মাসের শেষেই মালদহের হবিবপুর থেকে এক ভারতীয় দালাল-সহ পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করা হয়। এ ছাড়া দিনকয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে একই পরিবারের ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ, যাঁরা গত ৬ বছর ধরে বেঙ্গালুরুতে ভাঙরির কাজ করছিলেন এবং দেশজুড়ে ধরপাকড় শুরু হতেই পালিয়ে রায়দিঘিতে আশ্রয় নিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *