চিকিৎসককে চরম হেনস্থা, পাণ্ডুয়ায় শ্রীঘরে বিজেপি কর্মী!

বার্তা ডেস্কঃ

পাণ্ডুয়া: সরকারি হাসপাতালেই তাণ্ডব ও কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা! হুগলির পাণ্ডুয়ার ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে চিকিৎসা পরিষেবায় বাধা দেওয়া এবং ডাক্তারকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক বিজেপি কর্মীকে। ধৃতের নাম জিৎ ঘোষ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার গভীর রাতে কয়েকজন সঙ্গীকে নিয়ে ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চড়াও হন ওই অভিযুক্ত। অভিযোগ, সেখানে ডিউটিতে থাকা চিকিৎসককে চরম গালিগালাজ ও হেনস্থা করা হয়, এমনকি হাসপাতালের সম্পত্তি নষ্টের চেষ্টাও চলে। ঘটনার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই মঙ্গলবার সকাল থেকে সরগরম হয়ে ওঠে হাসপাতাল চত্বর।

ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় চিকিৎসা পরিষেবা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযুক্ত বিজেপি কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়েই পাণ্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, চিকিৎসককে হুমকি প্রদান, স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও সম্পত্তি ক্ষয়ক্ষতির চেষ্টার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

তবে এই ঘটনায় নিজেদের দায় এড়িয়েছেন পাণ্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার। তিনি জানান, “অভিযুক্ত কোনোভাবেই বিজেপি কর্মী নন। দল এই ধরণের তাণ্ডব কোনোদিন সমর্থন করে না। আইন আইনের পথেই চলবে এবং দোষী উপযুক্ত শাস্তি পাবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *