খেলোয়াড় থেকে ক্লাবের মালিক! স্প্যানিশ ফুটবলে নতুন সাম্রাজ্য গড়ার পথে মেসি
বার্তা ডেস্কঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর এবার ব্যবসার ময়দানে বড় পদক্ষেপ নিতে চলেছেন লিওনেল মেসি। ডেভিড বেকহ্যামের পথ অনুসরণ করে স্প্যানিশ ফুটবলে নিজের নতুন সাম্রাজ্য গড়তে চলেছেন এই আর্জেন্তাইন মহাতারকা। স্পেনের দ্বিতীয় ডিভিশনের ঐতিহ্যবাহী ক্লাব ‘সিডি এলদেন্স’ (CD Eldense)-এর ১০০ শতাংশ শেয়ার বা মালিকানা একাই কিনে নিচ্ছেন তিনি।
এলদেন্সের শতভাগ মালিকানা পাচ্ছেন মেসি
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ (Marca)-র প্রতিবেদন অনুযায়ী, এলদেন্সের বর্তমান কর্তৃপক্ষের সঙ্গে মেসি নীতিগতভাবে চুক্তিতে পৌঁছে গেছেন। চুক্তি চূড়ান্ত হলে এই বিনিয়োগে তাঁর সঙ্গে কোনো অংশীদার বা তৃতীয় পক্ষ থাকবে না; সম্পূর্ণ ক্লাবটির মালিক হবেন তিনি নিজেই। আপাতত আইনি প্রক্রিয়া শেষের পাশাপাশি ‘স্প্যানিশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল’-এর আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা চলছে।
কঠিন সময়ে ক্লাবের হাল ধরছেন ৩৯ বছরের তারকা
আলিকান্তে প্রদেশের এলদা শহরের এই ক্লাবটি ২০২৬ সালের মে মাসে দ্বিতীয় ডিভিশনে উন্নীত হয়। তবে বর্তমানে কিছুটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ক্লাবটি এবং নতুন একজন কোচের সন্ধানে রয়েছে। ৩৯ বছর বয়সী মেসি এমন এক সময়ে ক্লাবের দায়িত্ব নিচ্ছেন, যখন মাঠ ও মাঠের বাইরে স্থিতিশীলতা ফেরানোই হবে তাঁর মূল লক্ষ্য।
স্প্যানিশ ফুটবলে ক্রমাগত বাড়ছে মেসির প্রভাব
এর আগে চলতি বছরের এপ্রিল মাসেই স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব ‘ইউই কর্নেয়া’ (UE Cornellà)-র ১০০ শতাংশ মালিকানা নিয়েছিলেন মেসি। যে দেশে জীবনের সবচেয়ে সোনালী সময় কাটিয়েছেন, সেই স্পেনের পেশাদার ফুটবলেই এবার ক্লাব মালিক হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই কিংবদন্তি।