ভিআইপি হেলিপ্যাডে সেনার গাড়ি! নিরাপত্তা ভেঙে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে
বার্তা ডেস্কঃ
শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে আসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (মূল প্রতিবেদনে ভুলবশত ‘মুখ্যমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছিল) নিরাপত্তাবেষ্টনীতে দেখা দিল চরম গলদ। শিলিগুড়ির ফুলবাড়িতে পুলিশি পাহাড়াকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ‘আর্মি’ লেখা গাড়ি নিয়ে সোজা হেলিপ্যাডে ঢুকে পড়ার অভিযোগ উঠল এক প্রাক্তন তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা ও ভিআইপি সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
হেলিপ্যাডের আসল ঘটনা মঙ্গলবার উত্তরকন্যা সংলগ্ন ফুলবাড়ির মাঠে কপ্টার অবতরণের জন্য কড়া পুলিশি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। কিন্তু সেই অতি-সংবেদনশীল এলাকার তোয়াক্কা না করেই ডাবগ্রাম-ফুলবাড়ির প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দিলীপ রায়ের ছেলে দিগম্বর রায় ওরফে বাপি রায় তাঁর গাড়ি নিয়ে সোজা হেলিপ্যাডের ভেতরে ঢুকে পড়েন। বিষয়টি নজরে আসতেই সেখানে উপস্থিত রাজনৈতিক কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে হাতাহাতি ও তীব্র বচসা তৈরি হয়। পরে পুলিশ বাপিকে সেখান থেকে সরিয়ে আনে।
পুলিশের পদক্ষেপ ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে এনজেপি থানার পুলিশ অভিযান চালিয়ে বাপি রায়কে গ্রেফতার করে এবং বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার রানা মুখোপাধ্যায় জানান, নিরাপত্তাবেষ্টনীতে বেআইনিভাবে প্রবেশ করার অপরাধেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তায় কোনো ফাঁকফোকর ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের সাফাই অন্যদিকে ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্তের বাবা দিলীপ রায়। তাঁর দাবি, “আমি একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, তাই গাড়িতে ‘এক্স-আর্মি’ লেখা থাকে। আমার ছেলের এক পুলিশকর্মী বন্ধু ভিআইপি ডিউটিতে থাকায় ছেলে শুধুই তাকে খাবার পৌঁছে দিতে গিয়েছিল। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।”
তবে কড়া পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও কীভাবে একটি ব্যক্তিগত গাড়ি অবাধে অতি-সংবেদনশীল হেলিপ্যাডে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা চলছে।